জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা কমিশনের
কোন দলের কারা কারা জুলাই সনদে সই করল, তা দেখাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার চিন্তা করছে কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঐকমত্য কমিশন এখন দুটি বিষয় বিবেচনায় রেখেছে। একটি হলো বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে গণভোটে দেওয়ার সুপারিশ করা। অন্যটি হলো জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণভোটে দেওয়ার সুপারিশ করা।
গত শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি। এ মাসের মধ্যে এ–সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দেবে ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। কিন্তু গণভোটের ভিত্তি কী হবে, গণভোটের সময় ও গণভোটের প্রশ্ন কী হবে—এসব বিষয়ে মতপার্থক্য আছে।
